বনানীতে ছাত্রলীগের মশাল মিছিল, ধাওয়া দিয়ে ছয়জনকে ধরলো ছাত্রদল

রাজধানীর বনানী এলাকায় মশাল মিছিল করার সময় ধাওয়া দিয়ো হাতেনাতে নিষিদ্ধ ছাত্রলীগের ছয়জনকে আটক করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কর্মীরা।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তারা বনানীর নৌ বাহিনীর সদর দপ্তরের সামনের রাস্তায় মশাল মিছিল করছিল। এ সময় তাদেরকে আটক করে তারা। পরে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ডিউটি এসআই অফিসার আলমগীর হোসেন।
ঢাকা মহানগর ছাত্রদলের উত্তরের ছাত্রনেতা ওয়ালিদ ইসলাম নাঈম জমাদার জানান, তারা বনানী থেকে উত্তরের দিকে যাচ্ছিলেন। ঠিক নৌ-বাহিনী সদর দপ্তরের সামনের রাস্তায় কিছু ছেলেকে মশাল মিছিল করতে দেখেন। এ বিষয়টি তাদের সন্দেহ হয়। এরপর মোটরসাইকেল থামিয়ে তারা ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করেন। তবে বাকিরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, এরপর তিনি বনানী পুলিশ ফাঁড়ির সদস্যদের হাতে তাদের তুলে দেন। এসময় থানার তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
এদিকে পুলিশ জানিয়েছে, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিল ও নাশকতা করার চেষ্টা করে। এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেতা ওয়ালিদ ইসলাম নাঈম জমাদার তাদের দেখতে পান। তার নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা মিলে ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করেন তারা। পরে ঘটনাস্থল থেকে মশাল ও আওয়ামী লীগের ব্যানারসহ ৬ জনকে আটক করে বনানী থানা পুলিশে সোপর্দ করেন তারা।
তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































