আরও ১২ জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা

জামিন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে দেশের আরও ১২ জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ বা ডিজিটাল জামিননামা ব্যবস্থা। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে নতুন করে এসব জেলায় এ কার্যক্রম চালু হচ্ছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন।
নতুন করে যেসব জেলায় এ ব্যবস্থা চালু হচ্ছে সেগুলো হলো—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বলেন, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে প্রচলিত বেইল বন্ড বা জামিননামা দাখিলের পরিবর্তে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিচারপ্রার্থী, কারা কর্তৃপক্ষ ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার সময় ও অর্থ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, এর আগে দেশের ১৬টি জেলায় তিনটি ধাপে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. আজিজুল হক বলেন, আগে জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত ১৩টি ম্যানুয়াল বা কায়িক ধাপ পার হতে হতো। ‘ই-বেইল বন্ড’ চালুর ফলে এখন মাত্র তিনটি প্রধান ধাপেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এতে জামিন সংক্রান্ত কার্যক্রম উল্লেখযোগ্যভাবে দ্রুত হয়েছে।
দীর্ঘদিনের জামিন প্রক্রিয়ার বিলম্ব ও আমলাতান্ত্রিক জটিলতা কমাতে প্রথমবারের মতো ২০২৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালু করা হয়।
এরপর দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ২১ জানুয়ারি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুরে এ ব্যবস্থা চালু করা হয়। তৃতীয় ধাপে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ায় কার্যক্রমটি সম্প্রসারণ করা হয়।
নতুন ১২ জেলায় এ ব্যবস্থা চালুর ফলে জামিননামা দাখিল ও যাচাইয়ের প্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে বিচারিক বিলম্ব ও পদ্ধতিগত জটিলতা কমার পাশাপাশি আদালত, আইনজীবী, কারা কর্তৃপক্ষ এবং বিচারপ্রার্থীদের কাজের চাপও কমবে বলে আশা করছে আইন মন্ত্রণালয়।
(ঢাকাটাইমস/১৩ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































