মধ্যপ্রাচ্যে নতুন রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্র নতুন একটি বিমানবাহী রণতরি মধ্যপ্রাচ্যে পাঠাতে যাচ্ছে। বর্তমানে সেখানে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিংকনের সরিয়ে নিয়ে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে স্থলাভিষিক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রতিবেদনটি প্রকাশিত হয়।
গত বছরের নভেম্বরে আব্রাহাম লিংকনকে মোতায়েন করা হয়। পরে জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আগে এটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। যুদ্ধের সময় ‘অপারেশন এপিক ফিউরি’তে রণতরি ও এর যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন অবরোধ কার্যকর রাখার কাজেও এটি যুক্ত ছিল।
ইউএসএস আব্রাহাম লিংকন গত ২০০ দিনে কোনো বন্দরে থামেনি। দীর্ঘদিন ধরে চলা সামরিক অভিযানের কারণে রণতরিটির নাবিকেরা চাপে রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হুং কাওয়ের কাছে লেখা এক চিঠিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল রণতরিতে মৌলিক সামগ্রীর ঘাটতি, পানি দূষণ, পয়োনিষ্কাশন ব্যবস্থার সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেকের নিরাপত্তা এবং ডাক ব্যবস্থায় বিঘ্নের অভিযোগ তুলে ধরেছেন।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































