মাদক-জুয়া দেশের অন্যতম প্রধান সমস্যা, নির্মূলে কার্যকর পদক্ষেপের তাগিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৫
অ- অ+

মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে মাদক নির্মূলে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও জুয়া নির্মূলসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বলা হয়, মহান জাতীয় সংসদের সব সংসদ সদস্য মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছেন। মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মাদক নির্মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

পুলিশ নিয়োগে স্বচ্ছতার দাবি

বৈঠকে গত ছয় মাসের পুলিশ নিয়োগ কার্যক্রম নিয়েও আলোচনা হয়। এ সময় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে পুলিশ নিয়োগে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে কমিটিকে জানানো হয়।

এরপর দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম একটি উপস্থাপনার মাধ্যমে কমিটির সামনে তুলে ধরা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ৩১ হাজার ৯৯ কোটি টাকা

বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটের খাতওয়ারি বিভাজন ও ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়। এ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১ হাজার ৯৯ কোটি টাকা।

এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা। একই সঙ্গে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের অধীন সব সংস্থার খাতওয়ারি বাজেট ও ব্যয় বিভাজনের বিস্তারিত তথ্যও কমিটির সামনে উপস্থাপন করা হয়।

বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূল ও অপরাধ দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এসব কার্যক্রমে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর তদারকি অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মীর শাহে আলম, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নুরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন অংশ নেন।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আত্রাইয়ে জরাজীর্ণ বিদ্যালয় ভবন, শামিয়ানার নিচেই চলছে পাঠদান
সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ৪
আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের তাগিদ রাজবাড়ীর এসপির, জনগণের সঙ্গে উত্তম ব্যবহারে গুরুত্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা