রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি

রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মনোনয়নপত্রে ‘ঘোষণা ও বিবৃতিসহ’ মনোনীত প্রার্থীর স্বাক্ষর এবং প্রস্তাবক ও সমর্থকের নাম, ঠিকানা ও স্বাক্ষর সংযুক্ত করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। উভয় মনোনয়নপত্রেই প্রস্তাবক হিসেবে ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে গয়েশ্বর চন্দ্র রায়ের নাম রয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
এরপর দুপুর ২টা ২৩ মিনিটে মির্জা ফখরুলের মনোনয়নপত্র নিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান। তাদের সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিবুন নবী খান সোহেলসহ দলের প্রতিনিধিরা।
এ সময় হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপিও উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৩ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































