পাকিস্তানের কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান মারা গেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা।
তবে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই গুঞ্জনকে ‘গুজব’ বলে দাবি করে জানিয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান জীবিত আছেন।
এর আগে মার্কিনভিত্তিক পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান ‘ইজ খান স্টিল উইথ আস’ এবং ‘হোয়াট হ্যাপেন্স আফটার খান’ শিরোনামে দুটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদনে তিনি পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরের (জিএইচকিউ) তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে জানান, ইমরান খান আর জীবিত আছেন কি না তা নিয়ে সেনাবাহিনীর ভেতরে উদ্বেগ রয়েছে।
খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে পরে ওই সাংবাদিক জানান, তার কাছে ইমরান খানের মৃত্যুর কোনো নিশ্চিত প্রমাণ নেই।
এরই মধ্যে ইমরান খানের মৃত্যুর গুঞ্জনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই আবহে আইএসপিআর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, ইমরান খান জীবিত আছেন এবং আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন।
ইমরানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকেও তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করার দাবি করা হয়। বুশরা বিবির পরিবারের সদস্যরা জানান, নিয়ন্ত্রিত এক কারা-সাক্ষাতের সময় তাদের কারাগারের ভেতরের সিসিটিভি মনিটর দেখানো হয়। সেখানে ইমরান খানকে হেঁটে চলাফেরা করতে দেখা গেছে।
তবে ইমরানের মৃত্যুর গুজব প্রশমিত হলেও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। পিটিআই নেতারা ইমরানের ব্যক্তিগত চিকিৎসক, বোন ও আইনজীবীদের অবাধে তার সঙ্গে দেখা করার এবং তার স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেওয়ার দাবি জানান। তারা সতর্ক করে বলেন, ইমরানের নিরাপত্তা ও চিকিৎসা নিয়ে স্বচ্ছতা নিশ্চিত না হলে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































