ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, রাসুলের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১১:৪০
অ- অ+

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রাসুলপ্রেম, আত্মশুদ্ধি, উত্তম চরিত্র গঠন এবং মানবিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার বিকেলে মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে দেওয়ানবাগীর দল ওলামা মিশন বাংলাদেশের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাঁচ শতাধিক আলেম, ওলামা, আশেকে রাসুল ও ইসলামী চিন্তাবিদ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুক (এম. ফারুক)।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কুদরত এ খোদা বলেন, হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের গুরুত্বপূর্ণ পথ। মানুষের অন্তরে শান্তি প্রতিষ্ঠিত না হলে পরিবার, সমাজ কিংবা বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

ঈদে মিলাদুন্নবী (সা.) প্রচলনে সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)-এর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, একসময় মুসলমানদের মধ্যে ধারণা ছিল, ১২ রবিউল আউয়ালেই হযরত রাসুল (সা.) ওফাত লাভ করেছেন। এ কারণে তাঁর জন্মদিনের আনন্দ উদ্‌যাপনের সুযোগ থেকে অনেকে বঞ্চিত ছিলেন। তবে শাহ দেওয়ানবাগী (রহ.) ঐতিহাসিক দলিলের মাধ্যমে রাসুল (সা.)-এর ওফাত ১ রবিউল আউয়াল এবং জন্ম ১২ রবিউল আউয়াল—এমন দাবি প্রতিষ্ঠা করেন।

প্রফেসর কুদরত এ খোদা বলেন, বাংলাদেশে আগে সিরাতুন্নবী পালিত হতো। হযরত দেওয়ানবাগী (রহ.)-এর অব্যাহত প্রচেষ্টার ফলে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন শুরু করেছে।

তিনি আলেম-ওলামা ও আশেকে রাসুলদের প্রতি মহানবী (সা.)-এর প্রেম, ক্ষমা, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ, তাঁর প্রতি ভালোবাসা, ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য, আত্মশুদ্ধি, সুফিবাদ এবং ব্যক্তি ও সমাজজীবনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে মোহাম্মদী ইসলামের মিলাদ শরিফ পাঠ করা হয়। শেষে আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বমানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাভারে ৩ বিদেশি অস্ত্রসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা