বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (১৮ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম ৯১ ডলারের ওপরে উঠে গেছে।
এদিন ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১.১৪ ডলারে দাঁড়ায়। আগের সেশনেও জুলাইয়ের শেষ দিকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল এই জ্বালানি তেল। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারসের দাম ৪২ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৮৫.০৪ ডলারে লেনদেন হয়। দিনের শুরুতে ডব্লিউটিআইয়ের দাম ১ শতাংশের বেশি বেড়ে ৮৫.৩৭ ডলারেও উঠেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে সমঝোতার সম্ভাবনা কমে যাওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ইরান আরও আক্রমণাত্মক সামরিক অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী নয় বলে জানিয়েছে।
বিশেষ করে গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় সরবরাহে বিঘ্নের আশঙ্কা বাড়ছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঝুঁকির প্রিমিয়াম যুক্ত হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে বিশ্ববাজারে তেলের দামের ওপর আরও ঊর্ধ্বমুখী চাপ তৈরি হতে পারে।
(ঢাকাটাইমস/১৮ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































