আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে যুক্ত হচ্ছে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ডিজিটাল কেওয়াইসি (গ্রাহক পরিচিতি যাচাই) এবং বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ইউটিলিটি বিল দেওয়ার সুবিধাও যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ব্যাংকটির অনলাইন, রিয়েল টাইম কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সভায় ব্যাংকে দ্রুত ও কার্যকরভাবে ডিজিটাল কোর ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়। এ সময় লিডস কর্পোরেশন ও BRD টিমের মধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবার বাস্তবায়ন, কারিগরি কাঠামো ও বিভিন্ন সিস্টেমের সংযোগ নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় জানানো হয়, গ্রাহক যুক্ত করার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে ডিজিটাল কেওয়াইসি চালুর কারিগরি দিক নিয়েও কাজ করা হচ্ছে। পাশাপাশি গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা দিতে মোবাইল ব্যাংকিং অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্মে বিভিন্ন ফিচার যুক্ত করার বিষয়েও আলোচনা হয়।
গ্রাহকদের দৈনন্দিন লেনদেন আরও সহজ করতে বিদ্যুৎ ও গ্যাস বিল, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ইউটিলিটি বিল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিশোধের সুবিধা চালুর সিদ্ধান্ত হয়।
এ ছাড়া বিভিন্ন ডিজিটাল সেবার মধ্যে দ্রুত ও নিরাপদ তথ্য আদান-প্রদানের জন্য এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ইন্টিগ্রেশনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় লিডস কর্পোরেশনের পক্ষ থেকে ডিজিটাল ব্যাংকিং সেবাগুলো বাস্তবায়নের জন্য কারিগরি প্রস্তাবনা ও প্রস্তাবিত কার্যপদ্ধতি দ্রুত BRD টিমের কাছে জমা দেওয়ার কথা জানানো হয়।
সমন্বয় সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন এবং লিডস কর্পোরেশন ও BRD টিমের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম আরও প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব হবে। পাশাপাশি গ্রাহকেরা দ্রুত ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































