মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আনসার-ভিডিপি নারী বেসবল দল

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী বেসবল দল। ‘মালয়েশিয়া আন্তর্জাতিক মহিলা বেসবল চ্যাম্পিয়নশিপ–২০২৬’-এর তৃতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার জাতীয় দলকে ১০–৯ হোম রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।
শুক্রবার মালয়েশিয়ার সেলানগরের সারদাংয়ে অনুষ্ঠিত ম্যাচে এ জয় পায় আনসার-ভিডিপি নারী বেসবল দল। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক বেসবল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশের নারী দল।
এর আগে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার ‘গ্রিন অর্কা বেসবল’ দলকে ২৬–০ হোম রানে হারিয়েছিল বাংলাদেশ। সেটিই ছিল আন্তর্জাতিক আসরে আনসার-ভিডিপি নারী বেসবল দলের প্রথম জয়।
গত ১২ আগস্ট মালয়েশিয়ার সেলানগরে শুরু হয়েছে টুর্নামেন্টটি। টানা দুই ম্যাচে দারুণ পারফরম্যান্সের পর এখন বাংলাদেশের মেয়েদের সামনে শিরোপার লড়াই। আগামী ১৬ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে।
আনসার-ভিডিপির পক্ষ থেকে বলা হয়েছে, দলের এই সাফল্য বাংলাদেশের নারী বেসবলের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। ফাইনালেও ভালো ফল করে দেশের জন্য শিরোপা জয়ের প্রত্যাশা করছে দলটি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































