কারা অধিদপ্তরে পদ পুনর্বিন্যাস, বদলাচ্ছে ডেপুটি জেলারসহ বহু পদ

কারা অধিদপ্তরের পোশাকধারী ও পোশাকবিহীন বেশ কিছু পদ পুনর্বিন্যাস ও নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, পোশাকধারী ১১টি পদ কমিয়ে ১০টি এবং পোশাকবিহীন ২৪টি পদ কমিয়ে ৯টি করার কথা বলা হয়েছে। এর মধ্যে ১৩২ বছরের পুরোনো ডেপুটি জেলারের পদও রয়েছে।
চলতি মাসের শুরুতে এ–সংক্রান্ত একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে কারা অধিদপ্তর। এতে প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, নিয়োগপ্রক্রিয়া সহজ করা এবং একই গ্রেডের পদগুলোর মধ্যে সামঞ্জস্য আনার কথা বলা হয়েছে।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৮৯৪ সালে ‘দ্য প্রিজনস অ্যাক্ট’ ও ‘বেঙ্গল জেল কোড’-এর মাধ্যমে ডেপুটি জেলারের পদটি সৃষ্টি করা হয়। বর্তমানে ডেপুটি জেলার ও মহিলা ডেপুটি জেলার নামে থাকা দুটি পদ একীভূত করে ‘ডেপুটি জেলার (নারী-পুরুষ)’ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া মেট্রন ও চিফ মেট্রন, টেইলার ও টেইলার মাস্টার এবং কারা শিক্ষকের মতো পুরোনো পদগুলোর নাম পরিবর্তনের প্রস্তাব রয়েছে। টেইলার পদগুলোকে ‘দর্জি’ এবং কারা শিক্ষক পদকে ‘সহকারী শিক্ষক’ করার কথা বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত ৬ আগস্ট এ বিষয়ে বৈঠক হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (প্রশাসন) আবুল বাশার বলেন, নিয়োগ বিধি পরিবর্তনের সময় অনেক পুরোনো পদ বিলুপ্ত বা পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকেও কিছু পদের নাম পরিবর্তনের প্রস্তাব এসেছে। এ কারণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































