এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা হলেন এসপি শামীমা পারভীন

এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (এপিএসসি) উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। পুলিশ ক্রীড়াক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ আন্তর্জাতিক দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার ঢাকা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এপিএসসির চেয়ারপারসন মিসেস নির্মলা রাওয়াত স্বাক্ষরিত এক আনুষ্ঠানিকপত্রে শামীমা পারভীনের অভিজ্ঞতা ও পুলিশ ক্রীড়ায় তার অবদানের প্রশংসা করা হয়েছে।
উপদেষ্টা হিসেবে শামীমা পারভীন এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংস্থার মধ্যে ক্রীড়া সহযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক জোরদারে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।
আন্তর্জাতিক এ দায়িত্বে মনোনীত হওয়ায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































