মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়ন প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয়: সাইফুল হক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তকে ‘প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয়’ বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শুক্রবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সাইফুল হক বলেন, বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুল এ পদের গুরুত্ব, সম্মান ও মর্যাদা রক্ষা করবেন।
তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের আগে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শ করা হলে ভালো হতো বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, শরিক দলগুলোর অধিকাংশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব না থাকলেও এ বিষয়ে তাঁদের সঙ্গে পরামর্শ করা তাৎপর্যপূর্ণ হতো।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে যুব সমাজকে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান সাইফুল হক। তিনি বলেন, দেশের কোটি কোটি তরুণের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণতান্ত্রিক ও অর্থনৈতিক পুনর্গঠনে এই শক্তিকে কাজে লাগাতে সরকারের সমন্বিত পরিকল্পনা ও উদ্যোগ প্রয়োজন।
সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী বলেন, গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় যুব সমাজকে জেগে থাকতে হবে। অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত রাখতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে তিনি সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেন।
বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের সংগঠক তুহিন রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বহ্নিশিখা জামালী, আকবর খান, আউয়াল মাহমুদ, মীর রেজাউল আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় যুব নেতারা বলেন, যুব সমাজের মানবিক জীবন নিশ্চিত না হলে দেশের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। আগামী ২৮ আগস্ট বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের প্রতিনিধি সভা সফল করার আহ্বানও জানানো হয়।
সভা শুরুর আগে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় সংগঠক শিবু মোহান্তের অকালমৃত্যুতে শোক প্রকাশ করা হয়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতারা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































