ভারতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙচুর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৬, ১২:৪৬
অ- অ+

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায় মূর্তিটির ডান হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতায় তার এই মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠল।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায় একটি তিন রাস্তার মোড়ের কাছে থাকা মূর্তিটির ডান হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে বলেন, ‘মূর্তিটি কখন এবং কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা জানার চেষ্টা করছি। এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কি না, এখনই তা স্পষ্ট নয়। কী পরিস্থিতিতে মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’

পুলিশ জানিয়েছে, মূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-প্রমাণও পরীক্ষা করা হতে পারে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ঘটনাস্থলে যাওয়া স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, বুধবার রাতে মূর্তিটি ভাঙচুর করা হয়। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পরপরই এমন ঘটনা ঘটায় বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, নেতাজিকে অসম্মান কোনোভাবেই মেনে নেয়া হবে না এবং প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। এর ২৪ ঘণ্টার মধ্যেই নেতাজির মূর্তি ভাঙচুরের ঘটনা গুরুতর প্রশ্ন তৈরি করছে।’

দ্রুত তদন্ত করে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। এর আগে গত বুধবার নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেছিলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যারা নেতাজিকে নিয়ে অপমানজনক, মিথ্যা ও মানহানিকর মন্তব্য করার সাহস দেখিয়েছে, তাদের গ্রেপ্তারের জন্য আমি পুলিশকে নির্দেশ দিচ্ছি। তাদের অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং অসম্মানজনক পোস্ট মুছে ফেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘পোস্ট মুছে ফেললেই ওই ব্যক্তি ছাড় পেয়ে যাবে, এমনটা নয়। আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে।’

নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজ নামে পরিচিত বিজেপির সংসদ সদস্য নাগেন্দ্রনাথ রায় বিতর্কিত মন্তব্য করার কয়েক দিন পর মুখ্যমন্ত্রী পুলিশকে ওই নির্দেশ দেন। অনন্ত মহারাজ নেতাজিকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দেয়ার পাশাপাশি ভারতের স্বাধীনতা সংগ্রামে তার নেতৃত্ব এবং আজাদ হিন্দ ফৌজের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

এরপর নেতাজিকে নিয়ে একই ধরনের অবমাননাকর মন্তব্যকারীদের গ্রেপ্তার এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এদিকে নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যের জেরে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকার তাকে আগে দেয়া ‘বঙ্গ বিভূষণ’ পুরস্কারও প্রত্যাহার করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি
কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে আহত ৪ শিক্ষার্থী
সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের ভুয়া কমিটি, রিজভীর সতর্কবার্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা