আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন, দেশজুড়ে বিএনপির দোয়া-মাহফিল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ০৯:০৯| আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৯:২৯
অ- অ+

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। এস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া। তার মৃত্যুর পর এটাই প্রথম জন্মদিন।

তবে বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও জন্মদিন ঘিরে বিএনপির পক্ষ থেকে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন রাখা হয়নি। খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। একই কর্মসূচিতে অংশ নিতে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

এবার নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়ার তৃতীয় জন্মদিন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পরদিন ৬ আগস্ট স্থায়ীভাবে মুক্তি পান খালেদা জিয়া।

দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। কয়েক মাস চিকিৎসাধীন থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনি মারা যান। পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। পরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের দাবির মুখে ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন। পরে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারপারসন নির্বাচিত হন।

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পান তিনি। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। সব মিলিয়ে তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া দুবার সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্বও পালন করেন। ১৯৯৩ সালে তিনি সার্কের প্রথম নারী চেয়ারপারসন হন।

দলীয় প্রধান হিসেবে নির্বাচনী রাজনীতিতেও খালেদা জিয়ার ব্যক্তিগত সাফল্য ছিল উল্লেখযোগ্য। পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই জয়ী হন তিনি।

ওয়ান-ইলেভেনের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাভোগ করেন তিনি। ওই সময় কারাগারেই জন্মদিন পালন করতে হয়েছিল তাকে।

পরে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। করোনাভাইরাস মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি। এরপর দীর্ঘ সময় গুলশানের বাসভবন ফিরোজায় থেকে চিকিৎসা নেন এবং অসুস্থতার কারণে কয়েক দফা হাসপাতালে ভর্তি হন।

উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে কয়েক দফা আবেদন করা হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তা অনুমোদন করেনি।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিকেলে রাজধানীর ঢাকা-১৭ আসনের মহাখালী কড়াইল বস্তি এলাকার টিঅ্যান্ডটি মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদান বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।

এ ছাড়া সারা দেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ ১৫ আগস্ট ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা জোরদার
দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা