৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এ ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে পরে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) সুনামি সতর্কতা প্রত্যাহার করে।
স্থানীয় সময় আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।
বিএমকেজি জানায়, শক্তিশালী ভূমিকম্পটির পর সুনামি সৃষ্টির সম্ভাবনা দেখা দেয়। এ কারণে পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশের উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করা হয়।
ভূমিকম্পের পর স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে অগভীর গভীরতায় শক্তিশালী কম্পন হওয়ায় সম্ভাব্য সুনামি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
তবে ভূমিকম্পের পর সমুদ্রপৃষ্ঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিএমকেজি জানায়, বড় ধরনের সুনামির আশঙ্কা আর নেই। এর পরপরই ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পকে কেন্দ্র করে জারি করা সুনামি সতর্কতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পরবর্তী কম্পন ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/১৫ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































