আন্তর্জাতিক বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে। হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে নতুন করে হামলা এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে তেলের বাজারে এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৫ ডলার বা ১ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৫২ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৪০ ডলারে পৌঁছায়।
সাপ্তাহিক হিসাবেও তেলের বাজারে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে। এ সময়ে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৫ দশমিক ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা। গত ১৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাঙ্কার ড্রোন হামলার শিকার হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও জাহাজ দুটির ক্ষতি হয়েছে। হামলার জন্য ইরানকে দায়ী করেছে সংযুক্ত আরব আমিরাত।
এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
বিশ্লেষক অ্যান্ড্রু লিপোরের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দীর্ঘ সময় ধরে সীমিত থাকলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে। কারণ, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবহন করা হয়।
এ অবস্থায় হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার অগ্রগতি এবং তেলবাহী ট্যাঙ্কার চলাচল আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংকট দীর্ঘায়িত হলে তেলের দামে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।
(ঢাকাটাইমস/১৫ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































