নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ

৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫, ব্যাখ্যা চাইল শিক্ষা বোর্ড

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ১৬:৫১
অ- অ+

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক ও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রবিবার ঢাকা শিক্ষা বোর্ডের জারি করা এক অফিস আদেশে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়ার কথা জানানো হয়।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যালয়টির শতভাগ জিপিএ-৫ পাওয়ার বিষয়টির সার্বিক সত্যতা যাচাই করা হবে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ফলাফল ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রয়োজনীয় ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

বিদ্যালয়টির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জিপিএ-৫ পাওয়ার হার বাড়াতে অনেক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় না। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি শিক্ষা বোর্ডের নজরে আসে।

প্রধান শিক্ষকের বক্তব্য

নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের প্রধান শিক্ষক ইমন আহমেদ গণমাধ্যমে বলেন, শোকজের বিষয়ে তারা অবগত আছেন। নির্ধারিত সময়ের মধ্যেই বোর্ডকে জবাব দেওয়া হবে।

তিনি বলেন, তাদের বিদ্যালয়ে মোট ৪৮৫ জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে ১০৩ জন টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় তাদের বাদ দিয়ে ৩৮২ জনকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরীক্ষায় অংশ নেওয়া সবাই জিপিএ-৫ পেয়েছে।

প্রধান শিক্ষক আরও বলেন, ‘এ নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমাদের সব কাজের স্বচ্ছতা রয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই বোর্ডকে জবাব দেব।’

এখন বিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা শিক্ষা বোর্ড।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ায় ময়নাতদন্ত প্রতিবেদন ‘গায়েব’! 
এসএসসির খাতা পুনর্মূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, নীতিমালা করবে সরকার
ত্রিশালে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা