এসএসসির খাতা পুনর্মূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, নীতিমালা করবে সরকার

এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন ব্যাপক হারে জমা পড়ায় এ বিষয়ে নতুন নীতিমালা করার উদ্যোগ নিয়েছে সরকার। কোন ধরনের খাতা পুনর্মূল্যায়ন করা হবে এবং কোনগুলো করা হবে না, নীতিমালায় তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ সোমবার গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য এ পর্যন্ত ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এত বিপুলসংখ্যক আবেদন নিষ্পত্তি করতে গেলে সব শিক্ষার্থীর প্রতিটি খাতা নতুন করে দেখা সম্ভব নয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৯৮০ সংশোধন করে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু গতকালের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, সবাই খাতা পুনর্মূল্যায়ন করাতে চায়। মানে আমাকে আবার ২০ লাখ শিক্ষার্থীর খাতার প্রত্যেকটি দেখতে হবে। এটা একেবারেই অসম্ভব।’
গুরুতর সমস্যার খাতা দেখা হবে
সরকার এ বিষয়ে যে নীতিমালা করবে, সেখানে পুনর্মূল্যায়নের আওতায় কোন ধরনের খাতা আসবে, তা নির্ধারণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে যারা আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে টেবুলেশন শিট ও নিরীক্ষার বিষয়গুলো দেখা হবে। যেসব খাতায় গুরুতর সমস্যা রয়েছে, সেগুলোকে গুরুত্ব দিয়ে দেখা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের জন্য যেটা ইউজফুল, এটা আমরা মিসইউজ করতে পারি না। এই ১২ লাখের বেশি আবেদনের নিষ্পত্তি করে কলেজগুলোতে ভর্তির ব্যবস্থা করতে হবে। এতে অনেক সময় লাগবে।’
তিনি আরও বলেন, ‘সেই কারণে আমরা নীতিমালা করব, কোন খাতাগুলো পুনর্মূল্যায়ন করা হবে না। আপাতত যারা আবেদন করেছে, তারা কিন্তু টেবুলেশন শিট আর নিরীক্ষার জন্য করেছে। আমরা সেগুলোই অ্যাড্রেস করব, যেগুলোতে সিভিয়ার প্রবলেম।’
পরীক্ষকদের যোগ্যতাও যাচাই হবে
খাতা পুনর্মূল্যায়নের মাধ্যমে পরীক্ষকদের কাজের মানও যাচাই করা যাবে বলে জানান শিক্ষামন্ত্রী।
তার ভাষ্য, এর মাধ্যমে পরীক্ষকরা যথাযথভাবে খাতা দেখছেন কি না, নম্বর কম বা বেশি দিচ্ছেন কি না এবং তারা দায়িত্ব পালনের জন্য যোগ্য কি না—এসব বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
প্রয়োজনে পরীক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান আ ন ম এহছানুল হক মিলন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































