ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্পের ঝাঁকুনি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ০।
আজ সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের ভূমিকম্পসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। এটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
স্বল্পমাত্রার এ ভূমিকম্পে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে কম্পন অনুভূত হয়।
তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































