নতুন কমিটির অপেক্ষায় ছাত্রদল, শীর্ষ পদে আলোচনায় জবি’র জিয়া উদ্দিন বাসিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ০০:২৫
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। নতুন কমিটি কবে ঘোষণা হবে, তা নিয়ে সংগঠনটির নেতা-কর্মীদের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতা। এর মধ্য দিয়ে বর্তমান ‘রাকিব-নাছির’ কমিটির কার্যক্রম শেষ হওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নতুন কমিটির শীর্ষ পদে কারা আসছেন, তা নিয়ে ছাত্রদলের ভেতরে-বাইরে চলছে নানা আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতাদের নামও উঠে এসেছে। তাদের মধ্যে সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী কাজী জিয়া উদ্দিন বাসিত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের অনেকে মনে করেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বিশ্ববিদ্যালয়টির নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রয়েছে। তবে কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ পদে সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাদের প্রাধান্য দেখা যায়। এবার কেন্দ্রীয় শীর্ষ দুই পদের অন্তত একটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দেওয়ার দাবি জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির নেতা-কর্মীদের একটি অংশ।

আলোচনায় বাসিত

কাজী জিয়া উদ্দিন বাসিত বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এর আগে তিনি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে ছাত্রদলের নেতা-কর্মীদের একটি অংশ তাকে কেন্দ্রীয় সভাপতি পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) নির্বাচনেও তার সাংগঠনিক ভূমিকা নিয়ে আলোচনা রয়েছে। টিম-৬-এর (বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিভাগ) টিমলিডার হিসেবে দায়িত্ব পালন করে ছাত্রদল-সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিককে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী করতে ভূমিকা রাখার দাবি করেছেন তার অনুসারীরা। একই সঙ্গে হল সংসদের কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও ছাত্রদল-সমর্থিত প্রার্থীদের জয়ী করার ক্ষেত্রে তার ভূমিকার কথা তারা বলছেন।

দলীয় নেতা-কর্মীদের ভাষ্য, রাজনৈতিক জীবনে জিয়া উদ্দিন বাসিত বিভিন্ন সময় প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাদের দাবি, আগের সরকারের সময়ে তিনি একাধিকবার গ্রেপ্তার হন এবং পুলিশের অভিযানে আহত হয়ে দীর্ঘ সময় শারীরিক সমস্যায় ভুগেছেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনেও রাজধানীর সায়েন্সল্যাব ও রামপুরা এলাকায় ছাত্র-জনতার কর্মসূচিতে তার সক্রিয় ভূমিকা ছিল বলে তাঁর অনুসারীরা দাবি করেন। টেলিভিশনের বিভিন্ন টক শোতে বিএনপির রাজনীতি ও দলের আদর্শ নিয়ে বক্তব্য দেওয়ার কারণেও তিনি পরিচিতি পেয়েছেন বলে তাঁরা জানান।

আলোচনায় জবি ছাত্রদলের আরও দুই নেতা

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের নামও আলোচনায় রয়েছে।

২০২৪ সালের ২৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান মেহেদী হাসান হিমেল ও শামসুল আরেফিন। এর আগে হিমেল বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

হিমেলের অনুসারীদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি বিভিন্ন সময় মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন। ২০১৪ সালের ২৮ অক্টোবরের কর্মসূচি থেকে গ্রেপ্তারের পর তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল বলেও তারা দাবি করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনসহ বিভিন্ন সরকারবিরোধী কর্মসূচিতেও হিমেল সক্রিয় ছিলেন বলে তার ঘনিষ্ঠ নেতা-কর্মীরা জানান। এসব কর্মকাণ্ড ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটিতে তাঁর নাম বিবেচনায় আসতে পারে বলে তারা মনে করেন।

অন্যদিকে শামসুল আরেফিন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব। এর আগে তিনি সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এবং সখিপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

শামসুল আরেফিনের ঘনিষ্ঠ নেতা-কর্মীদের ভাষ্য, দলীয় কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। ছাত্রদলের রাজনৈতিক বক্তব্য ও দলীয় অবস্থান তুলে ধরার ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে বলে তারা দাবি করেন।

তাদের দাবি, ২০১৪ সালের বিভিন্ন আন্দোলন, ‘মার্চ ফর ডেমোক্রেসি’, ২৮ অক্টোবর ও ১০ ডিসেম্বরের কর্মসূচি এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে শামসুল আরেফিন সক্রিয় ছিলেন।

ছাত্রদলের নতুন কমিটির ‘সুপার ফাইভ’-এ দায়িত্ব পাওয়ার প্রত্যাশা করছেন বলেও তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। তবে নতুন কমিটির শীর্ষ পদে শেষ পর্যন্ত কারা দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণপূর্তের আরও ৪০৯ প্রকৌশলী লটারিতে বদলি
মাদক সেবনে বাধা দেওয়ায় মিতুলকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১০
কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী গ্রেপ্তার
উন্নয়নমূলক কাজে বাধা এলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা