২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

নতুন বছর শুরু হতে এখনো প্রায় চার মাস বাকি। তবে এরই মধ্যে ২০২৭ সালের ক্যালেন্ডার ঘিরে আগ্রহ বাড়তে শুরু করেছে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে। বিশেষ করে পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কোন দিনে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে—তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।
এরই মধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে জ্যোতির্বিজ্ঞানের হিসাব প্রকাশ করা হয়েছে। হিসাব অনুযায়ী, আগামী বছরের রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। আর পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ, মঙ্গলবার।
সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারভিত্তিক একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাতে জর্ডান নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৯ শাবান, শনিবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ওই দিন নতুন চাঁদ দেখার সম্ভাবনা কম। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সে হিসাবে ৭ ফেব্রুয়ারি, রোববার হতে পারে শাবান মাসের শেষ দিন। পরদিন ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস এবং মুসল্লিরা প্রথম রোজা রাখতে পারেন।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব বলছে, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ৮ মার্চ, সোমবার হতে পারে রমজানের শেষ দিন। পরদিন ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে রমজান ও ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় জ্যোতির্বিজ্ঞানের হিসাবই চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটি ও ধর্মীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতেই রোজা শুরু এবং ঈদ উদযাপনের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
এদিকে ১৪৪৮ হিজরি সনের প্রথম দিন নির্ধারণ নিয়েও মুসলিম দেশগুলোর মধ্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। কিছু দেশে ১৬ জুন, মঙ্গলবার থেকে নতুন হিজরি বছর শুরু হলেও অন্য কয়েকটি দেশে ১৭ জুন, বুধবার থেকে হিজরি সন গণনা করা হয়েছে।
এ কারণে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে এখন থেকেই ধারণা পাওয়া গেলেও চূড়ান্ত তারিখের জন্য সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।
(ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































