আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রয়েছে। খবর রয়টার্সের।
আজ সোমবার (১৭ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১টা ২৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫৫ ডলারে অপরিবর্তিত ছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ২৬ ডলারে নেমে আসে।
এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ৫ শতাংশের বেশি বেড়েছিল। হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি তেলবাহী ট্যাংকারে হামলা এবং লোহিত সাগর উপকূলে সৌদি আরামকোর একটি তেল শোধনাগারে হামলার পর সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।
সিঙ্গাপুরভিত্তিক ফিলিপ নোভা-এর মার্কেট ইনসাইটস বিভাগের প্রধান প্রিয়াঙ্কা সচদেবা বলেন, আগস্টের শুরুর দিকে দরপতনের পর তেলের দাম প্রায় পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাবও আবার বাড়ছে।
তবে হরমুজ প্রণালিতে নতুন করে সংঘাতের স্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা সীমিত বলে মনে করছেন তিনি। তার মতে, তেলবাহী ট্যাংকার বা গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলে বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির সুযোগ কম।
বাজার বিশ্লেষকদের মতে, এখন বিনিয়োগকারীদের নজর রয়েছে ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা এবং মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পরিস্থিতির দিকে। এসব ক্ষেত্রে নতুন কোনো উত্তেজনা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ফের অস্থিরতা দেখা দিতে পারে।
(ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































