বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

মার্কিন ডলার দুর্বল হয়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা নাজুক হওয়ায় ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে। ফলে সোমবার বিশ্ববাজারে বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। খবর রয়টার্সের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৯১ দশমিক ০৭ ডলারে উঠেছে। এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
এদিকে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৮ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন ডলার সূচক ০ দশমিক ১ শতাংশ কমেছে। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলকভাবে সস্তা হয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির তুলনামূলক নরম তথ্য ডলারের ওপর চাপ তৈরি করেছে। এর ফলে স্বর্ণের দাম ৪ হাজার ৪০০ ডলারের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রে জুলাই মাসে কর্মসংস্থান প্রত্যাশার তুলনায় অপ্রত্যাশিতভাবে কমেছে। পাশাপাশি মূল্যস্ফীতির তথ্যও তুলনামূলকভাবে নরম ছিল। এসব কারণে আগামী মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে—এমন প্রত্যাশা কমেছে।
সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৩০ শতাংশে নেমে এসেছে, যা এক মাস আগে ছিল ৪৭ শতাংশ।
সাধারণত সুদের হার কম থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগ-ব্যয় কমে যায়। এতে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ বাড়ে। বর্তমানে বাজারের নজর রয়েছে বুধবার প্রকাশিতব্য ফেডারেল রিজার্ভের জুলাইয়ের বৈঠকের কার্যবিবরণীর দিকে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে স্পট রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৫ দশমিক ৫৩ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫২ দশমিক ৩৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩৩ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।
(ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































