সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মতবিনিময় সভা

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে এ সভা শুরু হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এ বিশেষ সভায় সরকারের গত ছয় মাসের সার্বিক কার্যক্রম, প্রধান অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও অর্জনের তথ্য তুলে ধরা হবে।
সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জুবাইরুল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা সভায় উপস্থিত থাকবেন।
সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এ সভায় গত ১৮০ দিনে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ, বাস্তবায়িত কার্যক্রম ও অর্জন তুলে ধরার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হবে।
(ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































