যেকোনো সময় নবম পে স্কেল ঘোষণা হতে পারে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ১৫:৩১
অ- অ+

সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর যেকোনো সময় নতুন বেতন কাঠামোর ঘোষণা আসতে পারে।

আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নবম পে স্কেলের সুপারিশ নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নবম পে স্কেল নিয়ে গঠিত সচিব কমিটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আজ বলেন, সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য নতুন যে পে স্কেল করা হয়েছে, সেটি অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এর আগে গতকাল রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারও নবম পে স্কেল চূড়ান্ত পর্যায়ে থাকার কথা জানান।

তিনি বলেন, ‘পে স্কেল বিবেচনাধীন আছে এবং এ বিষয়ে সরকারের প্রতিশ্রুতিও রয়েছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।’

ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব

খসড়া প্রস্তাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে নবম পে স্কেলের আংশিক বাস্তবায়ন ধরা হতে পারে। এরপর ধাপে ধাপে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে নতুন বেতন কাঠামোর পূর্ণ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে অর্থনীতিতে অতিরিক্ত চাপ ও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে মুখ্য সচিব বলেন, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। তবে দীর্ঘদিন নতুন পে স্কেল না হওয়ায় মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর প্রয়োজন রয়েছে।

এবিএম আব্দুস সাত্তার বলেন, সাধারণত পাঁচ থেকে ছয় বছর পরপর পে স্কেল হওয়ার কথা। কিন্তু দীর্ঘ সময় নতুন বেতন কাঠামো না হওয়ায় প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী চাপের মধ্যে রয়েছেন। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের বেতন বাড়ানো প্রয়োজন।

বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বাড়ানোর সুপারিশ

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে গঠিত কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

ওই কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।

এখন কমিশনের সুপারিশ ও পরবর্তী পর্যালোচনার ভিত্তিতে সচিব কমিটির চূড়ান্ত করা খসড়া মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রিসভায় অনুমোদন মিললে দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল ঘোষণার পথ খুলে যাবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না: পানি সম্পদমন্ত্রী
শ্রীপুরে গভীর জঙ্গলে ১২ ঘোড়ার দেহাবশেষ, মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা
পয়ঃনিষ্কাশনের ড্রেন খুঁড়তে গিয়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা
দিনমজুর বাবার কষ্টের কথা শুনে শিক্ষার্থীর দায়িত্ব নিলেন এমপি বাবুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা