রাজবাড়ীতে ডিআইজি ইকবাল হোসেন, আইনশৃঙ্খলা নিয়ে দিলেন নানা দিকনির্দেশনা

ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন রাজবাড়ী জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি জেলা পুলিশের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
শনিবার সকালে রাজবাড়ী সফরে আসেন ডিআইজি মো. ইকবাল হোসেন। রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
রবিবার সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সেখানে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। ডিআইজি প্যারেডের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন। প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক।
প্যারেড পরিদর্শনের সময় মাঠ পর্যায়ের দক্ষতা ও পোশাকের মান বিবেচনায় পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ডিআইজি।
পরে পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং কম্পাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
এরপর পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভায় অফিসার ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডিআইজি। সেখানে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে একটি সম্মাননা স্মারক দেওয়া হয়।
পরে রাজবাড়ী জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেন মো. ইকবাল হোসেন। পরিদর্শন শেষে তিনি অফিসের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
দুপুরে পুলিশ ফোর্স মেসে আয়োজিত প্রীতিভোজে পুলিশ সদস্যদের সঙ্গে অংশ নেন তিনি। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বিশেষ অপরাধ সভায় যোগ দেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের চিত্র এবং অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের পেশাগত দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিআইজি।
বার্ষিক পরিদর্শন ও কর্মসূচিতে রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













