বিশ্বকাপের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারালো স্বাগতিক কানাডা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৬, ০৮:১৬
অ- অ+

চলমান বিশ্বকাপের নকআউট পর্বে নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে স্বাগতিক কানাডা। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়েছে জেসি অ্যালান মার্শের শিষ্যরা। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্টিভেন ইউস্টাকিওর করা একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় কানাডার।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পাচ্ছিল না কানাডা। এর প্রধান কারণ ছিলেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। ৩৪ বছর বয়সী এই গোলকিপার একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত অন্তত ছয়টি নিশ্চিত গোল রুখে দিয়ে তিনি হয়ে ওঠেন দলের সবচেয়ে বড় ভরসা।

ম্যাচের ২২তম মিনিটে কর্নেলিয়াসের হেড সহজেই গ্লাভসে জমা নেন উইলিয়ামস। ৩৬তম মিনিটে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ভুলে কানাডা দ্রুত পাল্টা আক্রমণে উঠলেও শেষ মুহূর্তে সুযোগ নষ্ট হয়। প্রথমার্ধের ৪৩তম মিনিটে কর্নার থেকে আসা বল থেকে কানাডা গোলের খুব কাছাকাছি চলে গেলেও আবারও বাধা হয়ে দাঁড়ান উইলিয়ামস।

বিরতির পরও কানাডার আক্রমণের ধার অব্যাহত থাকে। ৬৫তম মিনিটে জনাথন ডেভিডের শক্তিশালী শট অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন দক্ষিণ আফ্রিকার এই গোলরক্ষক। এরপর দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও নির্ধারিত সময়ে কোনো দলই জালের দেখা পায়নি।

তবে নাটক জমে ওঠে যোগ করা সময়ে। ৯২তম মিনিটে জনস্টনের বাড়ানো ক্রস বক্সের মাথায় পেয়ে বুক দিয়ে নিয়ন্ত্রণে আনেন স্টিভেন ইউস্টাকিও। এরপর নিচু শটে বল জড়িয়ে দেন জালের কোণায়। উইলিয়ামস চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি। সেই গোলেই উল্লাসে ফেটে পড়ে স্বাগতিক সমর্থকেরা।

পুরো ম্যাচে দক্ষিণ আফ্রিকার তুলনায় আক্রমণে অনেক বেশি কার্যকর ছিল কানাডা। তারা প্রতিপক্ষের গোলমুখে ১২টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যভেদী। বল দখলে দক্ষিণ আফ্রিকা কিছুটা এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরিতে কানাডাই ছিল শ্রেষ্ঠ।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবার তৃতীয়বারের মতো আসরে অংশ নেওয়া কানাডা এর আগে কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি। তবে এবার ইতিহাস গড়ে তারা শুধু গ্রুপ পর্বই নয়, নকআউটের প্রথম বাধাও অতিক্রম করেছে। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচের বিজয়ী দল। আগামী ৪ জুলাই হিউস্টনে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলে আলোড়ন তোলা দক্ষিণ আফ্রিকার স্বপ্নযাত্রার সমাপ্তি ঘটল কানাডার বিপক্ষে হারে। টুর্নামেন্টজুড়ে দারুণ পারফরম্যান্স উপহার দেওয়া প্রোটিয়াদের বিদায় তাদের সমর্থকদের জন্য নিঃসন্দেহে হতাশার।

(ঢাকাটাইমস/২৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়: ববি হাজ্জাজ
জুনের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৫৮ কোটি ৬০ লাখ ডলার
‘আপনি নির্বাচিত নন, ভোটে অংশ নেবেন না’—সংসদে আমিনুল হককে স্পিকার
বাংলাদেশকে চাপে রেখে ২০০ ছাড়াল জিম্বাবুয়ের লিড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা