রাতে বাঁচা-মরার ম্যাচে জিতবে কে ব্রাজিল নাকি জাপান, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

চলমান বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাত ৪টায় শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দল ব্রাজিল ও জাপান। দুই দলের জন্যই এটি ‘বাঁচা-মরার’ ম্যাচ। জয়ী দল উঠবে পরবর্তী রাউন্ডে, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে বিশ্বকাপ মঞ্চ থেকে।
গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে অভিযান শুরু করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষ দল হিসেবে নকআউটে জায়গা করে নেয় সেলেসাওরা।
ব্রাজিলের আক্রমণভাগে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্বে চার গোল করে তিনি দলের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন। এছাড়া মাতেউস কুনিয়াও তিন গোল করে নজর কেড়েছেন। তবে চোটের কারণে ছিটকে গেছেন রাফিনহা। তার পরিবর্তে ডান প্রান্তে খেলবেন তরুণ রায়ান। অন্যদিকে, স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন নেইমার।
অন্যদিকে, জাপানও নকআউটে এসেছে আত্মবিশ্বাস নিয়ে। গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র, তিউনিসিয়াকে ৪-০ গোলে হারানো এবং সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় ব্লু সামুরাইরা।
জাপানের হয়ে দাইচি কামাদা ও আয়াসে উয়েদা দুটি করে গোল করেছেন। সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের পক্ষে কথা বলছে। শেষ ২৮টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র দুইবার হেরেছে দলটি। এছাড়া সাম্প্রতিক বেশিরভাগ ম্যাচেই প্রথম গোল করার কৃতিত্ব দেখিয়েছে জাপান।
দুই দলের সর্বশেষ দেখায় ২০২৫ সালের কিরিন কাপে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। তবে বিশ্বকাপের নকআউট মঞ্চ সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। বিশ্বকাপে এই দুই দলের একমাত্র পূর্ববর্তী সাক্ষাৎ হয়েছিল ২০০৬ সালে, যেখানে ৪-১ গোলের বড় জয় পেয়েছিল ব্রাজিল।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারও এই ম্যাচে ব্রাজিলকেই এগিয়ে রাখছে। ১০ হাজার সিমুলেশনের ভিত্তিতে তাদের পূর্বাভাস অনুযায়ী, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে, জাপানের সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
সব মিলিয়ে কাগজে-কলমে এবং পরিসংখ্যানের বিচারে ব্রাজিল এগিয়ে থাকলেও জাপানের সাম্প্রতিক ধারাবাহিক পারফরম্যান্স ম্যাচটিকে করে তুলেছে অনিশ্চিত ও রোমাঞ্চকর। ফলে নকআউটের এই লড়াইয়ে ফুটবলপ্রেমীরা উপভোগ করতে যাচ্ছেন আরেকটি হাইভোল্টেজ ম্যাচ।
(ঢাকাটাইমস/২৯ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































