অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই যুবক হাসপাতালে

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সবুজ শেখ ও সোহাগ শেখ নামে দুই যুবককে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার জেলা শহরের পুলিশ লাইনসের সামনে থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ ওই দুই যুবকের বাড়ি জেলার মুকসুদপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে। সম্পর্কে এরা মামাতো-ফুফাতো ভাই।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নূর মোহম্মদ জানান, ‘সকালে সবুজ ও সোহাগ একটি বাসে করে ঢাকা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর ফিরছিল। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কোমল পানীয় খাওয়ায়। কোমল পানীয় খেয়ে অজ্ঞান হয়ে পড়লে তাদের কাছে থাকা টাকা, মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।’
বাসের শ্রমিকরা গোপালগঞ্জ জেলা শহরের পুলিশ লাইনস মোড়ে তাদের ফেলে রেখে যায়।
ওই দুই যুবকের মধ্যে সবুজ শেখের অল্প অল্প জ্ঞান ফিরলেও এখন পর্যন্ত সোহাগের জ্ঞান ফিরেনি।
(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































