ঋষি কাপুরের মৃত্যুশয্যার ভিডিও ফাঁস

মুম্বাইয়ে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুণছেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতার জীবনের শেষ মুহূর্তের এমনই একটি ভিডিও। অনৈতিকভাবে ফাঁস হওয়া এই ভিডিও নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছে ফেডারশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ।
ঋষি কাপুরের মতো কিংবদন্তি একজন অভিনেতার এমন ভিডিও তার পরিবারের অনুমতি ছাড়া কে তুললো তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্থাটির সভাপতি অশোক পণ্ডিত। কে বা কারা এমন একটি ভিডিও তুলেছে, তা নিয়ে ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তদন্তের আবেদন করেছেন তারা। মনে করা হচ্ছে, ঋষি কাপুর যখন আইসিইউতে ছিলেন, তখন সেখানে কর্তব্যরত কোনও কর্মীই এমন কাণ্ড ঘটিয়েছেন।
ঋষি কাপুরের শেষদিনের শেষ মুহূর্তের ওই ভিডিওতে ফিল্ম ইন্ডাস্ট্রির বেশকিছু পরিচালক, প্রযোজককেও দেখা গেছে। ভিডিওতে অভিনেতার মৃত্যুর পর হাসপাতালেই বেশকিছু নিয়ম পালন করতে দেখা যায় তার ছেলে রণবীর কাপুরকে। সেখানে ঋষির শেষকৃত্যের সময় উপস্থিত পুরোহিতকেও দেখা গেছে।
এদিকে ঋষি কাপুরের জীবনের শেষ মুহূর্তের এমন ভিডিও নিয়ে তোলপাড় হতেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যে বা যারা এমন ভিডিও অনুমতি না নিয়ে তুলেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অনেকেই তাদের সোশ্যাল মিডিয়ার পেজ থেকেও ভিডিওটি তুলে নেন।
ঢাকাটাইমস/০৩মে/এএইচ
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































