নাচোল উপজেলা চেয়ারম্যান কাদেরকে অপসরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম ও স্বেচ্ছাতারিতা এবং নৈতিক স্খলনজনিত অভিযোগের প্রমাণ পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।
১৯ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- আব্দুল কাদেরের বিরুদ্ধে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নৈতিক স্খলনজনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। উপজেলার পরিষদ সংশোধিত আইন (২০২১) এর ১৩ (১) খ ও গ ধারায় বর্ণিত অপরাধে একই আইনের ১৩ (২) ধারা অনুযায়ী কারণদর্শানোর নোটিশের প্রেক্ষিতে তার দাখিলকৃত জবাবে আনিত অভিযোগ খণ্ডনের বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপনে অসমর্থ হয়েছেন তিনি।
ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার বিরুদ্ধে আনিত অভিযোগ উল্লিখিত উপজেলা পরিষদ আইনের ধারা অনুযায়ী শাস্তিযোগ্য হওয়ায় তাকে নাচোল উপজেলা পরিষদের পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি। এছাড়াও নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনিও ফোন রিসিভ করেননি।
এদিকে একই তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত আরো এক প্রজ্ঞাপনে নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদে উপনিবাচন করার কথা বলেন।
(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































