কাফরুলে বাবার বিরুদ্ধে ২ বছরের শিশুকে আছড়ে হত্যার অভিযোগ

রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় পারিবারিক কলহের জেরে রায়হান নামে ২ বছর (২২ মাস) বয়সের এক শিশুকে মাটিতে আছাড়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। পরে শিশুটির বাবা অভিযুক্ত বাইজিদকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
ঘাতক বাইজিদ ইব্রাহিমপুর এলাকায় ভাড়া থাকেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
ওসি হাফিজুর রহমান জানান, ইব্রাহিমপুরের একটি টিনসেট বাড়িতে সন্তান রায়হানকে নিয়ে বসবাস করতেন বাইজিদ ও তার স্ত্রী মাহমুদা। বুধবার দুপুরের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে নিজের সন্তানকে মাথায় তুলে মাটিতে আছাড় দেয় বায়েজিদ। এতে শিশুটি মারা যায়।
তিনি বলেন, বিকেলে খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে এবং বাবা বাইজিদকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষ করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এসএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































