গাজায় হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ৭ ইসরায়েলি জিম্মির পরিচয় জানা গেল

গাজায় বন্দি বিনিময় শুরুর প্রথম ধাপে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাত থেকে মুক্তি পেয়েছেন ৭ ইসরায়েলি জিম্মি। হামাস সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে তাদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী, মুক্তিপ্রাপ্তদের পরিচয় হলো— যমজ সন্তান গালি ও জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর ও গাই গিলবোয়া-দালাল।
আইসিআরসি থেকে জিম্মিদের গ্রহণ করে ইসরায়েলি সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, “হামাসের মুক্তি দেওয়া সাতজন এখন আমাদের হেফাজতে রয়েছেন এবং তারা ইসরায়েলি ভূখণ্ডের পথে আছেন।”
জর্ডানের আম্মান থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন, মুক্তিপ্রাপ্তদের শারীরিক অবস্থা “মোটামুটি ভালো” এবং তারা “চিকিৎসা সহায়তা ছাড়াই নিজে নিজে চলাফেরা করতে পারছেন।”
এর আগে হামাস জানায়, বন্দি বিনিময় চুক্তির আওতায় মোট ২০ জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে। তাদের বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
বর্তমানে হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মির মধ্যে এই ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এই বন্দিবিনিময় প্রক্রিয়া গাজা সংঘাতের উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে পরবর্তী পর্যায়ে মুক্তির তালিকা ও সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো আলোচনা চলছে।
(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































