হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১২৫ শিশু।
আজ সোমবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৯০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৮৩টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ১৬০টি শিশু হামে আক্রান্ত হয়েছে, এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৫। এই সময়ে ৮৮৪ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৩৬ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৩ হাজার ৭৫৫, আর নিশ্চিত হাম রোগী ১১ হাজার ১৭১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ হাজার ৭৪৩ রোগী, যাদের মধ্যে ৭৩ হাজার ৯৮৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছে।
(ঢাকাটাইমস/২২জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































