‘৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব’ প্রসঙ্গে এমপি আমির হামজাকে জিজ্ঞাসাবাদের আবেদন

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পাওয়ার দাবি করেছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এ ঘটনায় ঘুষের প্রস্তাবদাতাদের পরিচয় প্রকাশ না করায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে।
আজ সোমবার বিকালে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান দুদকের প্রধান কার্যালয়ে এ আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় এক ইফতার মাহফিলে আমির হামজা দাবি করেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য তাকে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তার ওই বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আবেদনে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে একজন সংসদ সদস্যকে ঘুষের প্রস্তাব দেওয়া হলে তা গুরুতর দুর্নীতির অভিযোগ হিসেবে বিবেচিত হওয়ার কথা। কিন্তু বক্তব্যে ঘুষ প্রস্তাবদাতাদের পরিচয়, সময়, স্থান বা ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্তের তথ্যও সামনে আসেনি।
হৃদয় হাসান বলেন, গত ১ এপ্রিল তিনি সংসদ সদস্য আমির হামজার কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেখানে সাত দিনের মধ্যে ঘুষের প্রস্তাবদাতাদের পরিচয় প্রকাশ অথবা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য, অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় অনুসন্ধানের স্বার্থে দুদকের হস্তক্ষেপ প্রয়োজন। সে কারণেই সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি আমির হামজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































