মালয়েশিয়ায় নৌভ্রমণে জুবাইদা রহমান, আনোয়ারের সহধর্মিণীর সঙ্গে মতবিনিময়

মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আজ পুত্রাজায়া লেক ক্রুজে অংশ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহধর্মিণী ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সোমবার সকালে পুত্রাজায়ায় আয়োজিত এ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান ড. ওয়ান আজিজাহ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট মন্ত্রী হ্যানা ইয়ো।
সফরসংশ্লিষ্ট সূত্র জানায়, নৌভ্রমণের সময় ডা. জুবাইদা রহমান পুত্রাজায়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি ড. ওয়ান আজিজাহ ও হ্যানা ইয়োর সঙ্গে প্রায় এক ঘণ্টা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ করেন।
দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান গত রবিবার রাতে মালয়েশিয়ায় পৌঁছান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরটি চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বিদেশ সফর।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে সম্প্রসারিত হয়েছে। বর্তমানে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১২.১৮ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পর বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































