মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সংবর্ধনা

একান্ত বৈঠকের পর দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৬, ০৯:৩১| আপডেট : ২২ জুন ২০২৬, ০৯:৪৫
অ- অ+

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর।

রবিবার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায়া কমপ্লেক্সের ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

সুসজ্জিত বাহিনীর গার্ড অব অনারের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত বাজানো হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় ছোট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে জুবাইদা রহমানকে শুভেচ্ছা জানায়।

এছাড়া বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, ডেপুটি হাই কমিশনার সাহানারা মনিকাসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রায় কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। সফর উপলক্ষে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত প্রায় ৫০ মিনিটের সড়কপথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়।

সোমবার (২২ জুন) সকালে পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানান। পরে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

একান্ত বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি সহযোগিতা, শিক্ষা, প্রযুক্তি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। সরকার গঠনের পরপরই তাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বাংলাদেশ বর্তমানে মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। দক্ষিণ এশিয়ায় চীন ও ভারতের পর বাংলাদেশ মালয়েশিয়ার বৃহৎ বাণিজ্য সহযোগী দেশ হিসেবে বিবেচিত হয়। দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/২২ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের গ্যাস স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, আহত অর্ধশতাধিক
নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
BUBT Economics Olympiad 2026 Inaugurated: Igniting Bangladesh's Next Generation of Economic Thinkers
বিইউবিটি ইকোনমিক্স অলিম্পিয়াড ২০২৬ উদ্বোধন: বাংলাদেশের অর্থনৈতিক চিন্তাবিদদের নতুন প্রজন্মকে জাগ্রত করা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা