ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৯| আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:১৪
অ- অ+

পূর্বাচলে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় এখন জমজমাট। আর মাত্র এক সপ্তাহ পর পর্দা নামবে ৩০তম আসরের এই বাণিজ্য মেলার। শেষ সময় ঘনিয়ে আসায় শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেলা প্রাঙ্গণে দেখা গেছে উপচে পড়া ভিড়।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সরেজমিনে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ঘুরে এমন চিত্র দেখা যায়। প্রবেশপথ থেকে অনেক দূরে গাড়ি থামিয়ে দর্শনার্থীদের নামিয়ে দেওয়ায় মেলায় ঢুকতে দীর্ঘ পথ হেঁটে আসতে হয়েছে অনেককে। এতে শুরুতেই ক্লান্ত হয়ে পড়লেও ভেতরে প্রবেশের পর কেনাকাটা ও বিনোদনের আমেজে সেই ক্লান্তি অনেকটাই ভুলে যান দর্শনার্থীরা।

মেলা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩ জানুয়ারি শুরু হওয়া এই মেলায় প্রথমদিকে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম ছিল। তবে পঞ্চম দিন থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগমও বাড়তে থাকে। বিশেষ করে ছুটির দিনগুলোতে মেলা প্রাঙ্গণ জনসমুদ্রে রূপ নিচ্ছে। দুপুরের পর থেকেই ক্রেতা-বিক্রেতা, উদ্যোক্তা ও দর্শনার্থীদের সরব উপস্থিতি চোখে পড়ে।

মেলার শেষ দিকে এসে বিভিন্ন দেশি-বিদেশি স্টল ও প্যাভিলিয়নে চলছে বিশেষ ছাড় ও অফার। ‘দুটি কিনলে একটি ফ্রি’, ‘৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়’, ‘মেলা উপলক্ষে বিশেষ মূল্য’- এমন নানা প্রলোভনে ক্রেতাদের আকৃষ্ট করছেন বিক্রেতারা। এ সুযোগ লুফে নিতে শুক্রবার ছুটির দিনকে কেন্দ্র করে দর্শনার্থীদের ঢল নামে।

বিলকিস নাহার নামে এক ক্রেতা বলেন, প্রতিবছরই সংসারের গুরুত্বপূর্ণ অনেক জিনিস বাণিজ্যমেলা থেকেই কেনেন। এক ছাদের নিচে প্রয়োজনীয় পণ্য তুলনামূলক কম দামে পাওয়াই বাণিজ্য মেলার বড় সুবিধা।

মেলা ঘুরে দেখা গেছে, পোশাক, কসমেটিকস, গৃহসজ্জা, প্লাস্টিক সামগ্রী ও রান্নাঘরের ক্রোকারিজ পণ্যের স্টলগুলোতে ভিড় বেশি। শীতকালীন পোশাক, শাড়ি, থ্রিপিস, শিশুদের সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালির পণ্যে ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো।

উত্তরা থেকে পরিবার নিয়ে আসা দর্শনার্থী আয়েশা আলিমা নুমা বলেন, এক জায়গায় এত পণ্যের সমাহার পাওয়া যায় বলেই বাণিজ্য মেলায় আসা। তবে খাবারের দোকানগুলোতে বেশ চড়া দাম।

কেনাকাটার পাশাপাশি বিনোদনেও মেতেছেন দর্শনার্থীরা। শিশু বিনোদন কেন্দ্রে নাগরদোলা, প্যাডেল বোট, ছোট ট্রেন ও হেলিকপ্টার রাইডে শিশুদের উচ্ছ্বাস দেখা গেছে। খাবারের জোনেও ছিল সমান ভিড়। হাজী বিরিয়ানি, তুর্কি রেস্টুরেন্ট, ঝটপটসহ বিভিন্ন খাবারের স্টলে দুপুরের পর দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।

এবারের মেলায় পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইকও দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে। আকিজ গ্রুপ ও রাইডোর প্যাভিলিয়নে আগ্রহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিক্রেতারা জানান, জ্বালানির দাম বাড়ায় মানুষ এখন ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকছেন।

পোশাকের স্টল ঢাকাই কালেকশনের ম্যানেজার সোহেল মিয়া বলেন, প্রথম সপ্তাহে বিক্রি কম থাকলেও তৃতীয় সপ্তাহে এসে ছুটির দিনে ভালো সাড়া মিলছে। আরএফএল প্যাভিলিয়নের বিক্রয় প্রতিনিধি তানভীর আহমেদ জানান, শুক্রবারে তাদের বিক্রি সন্তোষজনক।

জেলখানার কারাবন্দীদের হাতে তৈরি হস্তশিল্প পণ্যও ক্রেতাদের নজর কেড়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব পণ্য কিনে সন্তোষ প্রকাশ করেছেন অনেক দর্শনার্থী।

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তায় প্রায় ৯ শতাধিক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। তবে কাঞ্চন সেতুর দুই পাশে চলমান সড়ক সংস্কারকাজের কারণে যানজট ও ধুলাবালিতে ভোগান্তির কথা জানান অনেক দর্শনার্থী। এতে করে প্রবেশ পথে ঢুকতে ও বের হতে প্রায় দুই ঘন্টারও বেশি সময় নষ্ট হচ্ছে।

টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা মুনকাদির ইসলাম বলেন, প্রতিদিনই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। ছুটির দিনে প্রায় এক লাখের বেশি দর্শনার্থী হবে বলে আশা করা হচ্ছে। তবে অনলাইনে টিকেট কেটে আসলে দর্শনার্থীদের ঝামেলা কম হয়।

উল্লেখ্য, এবারের মেলায় মোট ৩২৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়াসহ ১১টি বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ৩ জানুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
রোদে বের হলেই শরীরের রক্ত ঝরে, পানিতে কাটে ১০ বছরের আবু বকরের দিন
বাংলাদেশে উচ্চগতির রেল আনতে আগ্রহী চীন
মবের শাসনের বদলে আইনের শাসনে ফিরতে হবে: সাইফুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা