চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন অভিনেতা হাসান জাহাঙ্গীর

চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে আবারও ছড়িয়েছে ব্যক্তিগত জীবনের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু ইউটিউব চ্যানেলে সম্প্রতি দাবি করা হয়, মৌসুমী নাকি বিয়ে করেছেন। সেই গুজবের কেন্দ্রবিন্দুতে উঠে আসে অভিনেতা হাসান জাহাঙ্গীরের নাম। বিষয়টি নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হলে অবশেষে মুখ খুলেছেন তিনি। বিয়ের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন এই অভিনেতা।
জানা গেছে, কয়েক বছর ধরে চিত্রনায়িকা মৌসুমী যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন। মায়ের অসুস্থতা ও মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন তিনি। এরই মধ্যে ‘সুন্দরী পিএস চাই’শিরোনামের একটি টেলিছবির শুটিংয়ে অংশ নেন মৌসুমী। এতে তার সহশিল্পী ছিলেন অভিনেতা হাসান জাহাঙ্গীর।
টেলিছবিটি প্রচারের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মৌসুমী বিয়ে করেছেন—এমন গুজব। এতে বিব্রত হন মৌসুমী ও হাসান জাহাঙ্গীর দুজনই। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে হাসান জাহাঙ্গীর জানান, এ ধরনের ভিত্তিহীন খবর ছড়ানো হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, আমি এখনো আইনি অ্যাকশনে যাইনি। কিন্তু আমি আইনি অ্যাকশনে যাব। মৌসুমী আর আমি নাকি বিয়ে করেছি—এটা যে কত বড় বিব্রতকর একটা সংবাদ, সেটা যারা করেছে তারা বোঝেনি। যেসব পত্রিকা ও ইউটিউব চ্যানেল আমাদের নিয়ে এসব নিউজ করেছে, তারা ভালো কাজ করেনি।
তিনি আরও বলেন, শুধু ভিউয়ের জন্য এসব করা হয়েছে। তারা চিন্তা করেনি মৌসুমীর অবস্থান কী। একদিনে কিন্তু একজন মৌসুমী তৈরি হননি। মৌসুমীর কোনো প্যারালাল নেই। মৌসুমীর বিকল্প মৌসুমীই। শাবানা ম্যাডামের পর ইন্ডাস্ট্রিতে এমন একজনই এসেছেন—তিনি মৌসুমী। এটা আল্লাহপ্রদত্ত। এমন একজন গুণী শিল্পী আমার সহশিল্পী—এটাই আমার জন্য সম্মানের।
এ গুজবে মৌসুমীর স্বামী ওমর সানী বিচলিত হয়নি জানিয়ে হাসান জাহাঙ্গীর বলেন, এসব গুজবে তিনি বা ওমর সানী কেউই বিচলিত নন। নিন্দুকের কথা নিয়ে আর কী বলব? এই বয়সে এসে কি আবার বিবাহ করা যায়? তা ছাড়া ওমর সানী ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। কিছুদিন আগেই আমি তাকে নিয়ে একটি ওয়েব সিরিজ করেছি। আমাদের সম্পর্ক পারিবারিক।
মানহানি মামলার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে হাসান জাহাঙ্গীর বলেন, এআই দিয়ে ছবি বানিয়ে আমাদের হাজবেন্ড-ওয়াইফ বানিয়ে সংবাদ ছড়ানো হচ্ছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ফোন করে জানতে চাইছে—আমি কি মৌসুমীকে বিয়ে করেছি! কী একটা পরিস্থিতি! এসব ভিউ দিয়ে টাকা বানিয়ে কী করবেন আপনারা? ভালো নিউজ করুন, মানুষকে উৎসাহ দিন।
তিনি আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, বিদেশ থেকেও এসব গুজব ছড়ানো হচ্ছে। আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাব। আজকের পর যদি এমন কোনো নিউজ বা ভিডিও প্রকাশ করা হয়, তাহলে সাইবার সুরক্ষা আইনে ১০ কোটি টাকার মানহানি মামলা করব।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













