শবে বরাত উপলক্ষে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি

আগামীকাল ৩ ফেব্রুয়ারি দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে র্যাব। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
সোমবার (২ ফেব্রুয়ারি) র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানান হয়।
র্যাব জানিয়েছে, শবে বরাত উপলক্ষে মুসল্লিরা দেশজুড়ে ইবাদত-বন্দেগি, নফল নামাজ ও জিকিরে অংশ নেবেন। এসব ধর্মীয় আয়োজন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে র্যাব সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
র্যাব আরও জানিয়েছে, শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়াতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম চলবে।
বাহিনীর বরাতে আরও বলা হয়, ঢাকাসহ সারাদেশে ইউনিফর্মে টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্ট্যাটিক ও মোবাইল ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
শবে বরাত উপলক্ষে গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র্যাব। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও ধর্মবিরোধী অপপ্রচার বা গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং টিম সক্রিয় রয়েছে।
র্যাব জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে র্যাবের কন্ট্রোল রুমের নম্বর ০১৭৭৭৭২০০২৯–এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
শবে বরাত শান্তিপূর্ণভাবে উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশের সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে র্যাব।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













