দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও মাদক জব্দ

দিনাজপুরের সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে দুটি বিদেশি অস্ত্র, চার রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, কোতোয়ালি থানাধীন গিলাবাড়ী সীমান্ত এলাকায় গতরাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক জব্দ করা হয়।
জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েক সপ্তাহ ধরে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। তথ্য ছিল, ওই সীমান্ত দিয়ে একটি মাদক চালানের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা হতে পারে।
এরই অংশ হিসেবে গতকাল রাতে মোহনপুর বিওপির একটি টহলদল কোতোয়ালি থানার শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। আজ ভোর আনুমানিক সোয়া তিনটার দিকে সীমান্ত পিলার ৩০৮/১৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাকারবারীকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। টহলদল তাদের ঘেরাও করার চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা ছয়টি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।
পরে বস্তাগুলো তল্লাশি করে দুটি বিদেশি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয় ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল।
ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ‘সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































