সম্প্রচার সহযোগিতা চেয়ে ইসিতে জামায়াতের আবেদন
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন শফিকুর রহমান

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাত ৯টায় এই ভাষণ দেওয়ার কথা রয়েছে।
ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে এই আবেদন দাখিল করা হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
দলটির পক্ষ থেকে আরও বলা হয়, এই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামায়াতের আমির শফিকুর রহমান আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। সেই ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারের জন্য নির্বাচন কমিশনের সহযোগিতা চাওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































