সাড়া ফেলেছে দূরের ‘যতই করো উনিশ-বিশ’

এক সময় মাইকিং, পোস্টারিং ছিল ভোটের মাঠের চেনা রূপ। সময়ের সঙ্গে ধরন পাল্টেছে, বদলেছে প্রচারণা কৌশল। এখন প্রচারণার সবচেয়ে বড় মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম ও দলীয় গান। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে নান্দনিক প্রচার কৌশলে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। কখনো সংগ্রামের স্মৃতি, কখনো উন্নয়নের স্বপ্ন আবার কখনো পরিবর্তনের ডাক; সবই গাঁথা রয়েছে কয়েক মিনিটের থিম সংয়ে। দলের উদ্যোগের বাইরেও অনেকেই ব্যক্তি উদ্যোগে গান করেছেন।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি বিএনপির সমর্থক হিসেবে ঈশা খান দূরে নিয়ে এলেন ‘যতই করো উনিশ-বিশ’ শিরোনামের একটি গান। এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ঈশা খান দূরে ও মুনিফ। গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেনও দূরে। ব্যাকিং ভোকাল-এ ছিলেন মঈন জি এবং অনিক। মিউজিক এরেঞ্জমেন্ট করেছেন আবরার।
গানটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত গতিতে ছড়িয়ে গেছে। এরই মধ্যে অসংখ্য রিলস ও টিকটক ভাইরাল হয়েছে। এমন সাড়ায় আপ্লুত ঈশা খান দূরে।
তিনি বলেন, ‘শৈশব থেকে বিএনপিকে ভালোবাসি। যেহেতু আমি গানের মানুষ তাই দলের জন্য একটি গান করেছি। তবে গানটি এতটা সাড়া ফেলবে কল্পনাও করিনি। এই গানের মাধ্যমে দলের রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের কাছে আরও প্রাণবন্তভাবে তুলে ধরবে বলে বিশ্বাস করি।’
(ঢাকাটাইমস/৫ ফেব্রুয়ারি/এলএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













