ভোটকেন্দ্রে পুলিশের পোশাকে থাকবে গোপন ক্যামেরা, রেকর্ড হবে অনিয়ম সৃষ্টির চেষ্টাকারীদের কার্যক্রম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা সংযুক্ত রয়েছে।
বুধবার রাতে নির্বাচন কমিশনের এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
ইসি জানায়, ভোটকেন্দ্রের ভেতরে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার পাশাপাশি কেন্দ্রের আশপাশ ও গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম সৃষ্টির চেষ্টাকারীদের কার্যক্রম ভিডিও ফুটেজে ধারণ করা হবে।
কমিশন আরও সতর্ক করে বলেছে, বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












