পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও অসুবিধা নেই, এ কথা বলিনি: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৮
অ- অ+

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ অভিযোগ করেন, ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতাকে টাকাসহ আটকের বিষয়ে তাঁর বক্তব্যকে মিসকোট করা হয়েছে। তিনি তাঁকে মিসকোট করে অপতথ্য না ছড়াতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

আখতার আহমেদ বলেন, ‘ফাইন্যান্সিয়াল একটি ইস্যুতে আমাকে কোট করা হয়েছে যে আমি নাকি বলেছি যে পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এটা বলার এখতিয়ার, অধিকার, ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি। এটা আমাকে মিসকোট করা হয়েছে। দয়া করে এ রকম মিসকোট করবেন না।’

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ‘দয়া করে এ ধরনের মিসকোট করবেন না। আমরা একটি ভালো নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা অত্যন্ত দুঃখজনক।’

বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, ‘আমাকে যা জিজ্ঞাসা করা হয়েছিল, সেটি ছিল—কোনো অর্থ জব্দের বিষয়ে আমার মন্তব্য কী। আমি এ বিষয়ে বলেছি, যারা বিষয়টি ইন্টারসেপ্ট (আটকে দেওয়া) করেছে, এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। এর বাইরে আমি কিছু বলিনি।’

সাংবাদিকদের উদ্দেশে আখতার আহমেদ বলেন, ‘আমাকে মিসকোট করার আগে ক্রসচেক করা উচিত ছিল। এ ধরনের অপতথ্যের সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। আমরা ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি। সবাই সচেষ্ট থাকি যেন নির্বাচনটি সুন্দরভাবে সম্পন্ন হয়।’

ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতাকে সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটকের বিষয়ে ইসি সচিবকে উদ্বৃত করে একটি বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, ‘ইসি সচিব বলেছেন, ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট কোনো সীমা নেই। টাকার উৎস এবং ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই।’ পরে ইসি সচিব তাঁর এই বক্তব্যেকে মিসকোট করা হয়েছে বলে জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লবীতে পার্কিং করে রাখা বাসে আগুন
কবে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন? জানালেন ইসি মাছউদ
ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ 
লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, কমিশনারের স্টাফ অফিসার প্রত্যাহার ও শোকজ