রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল, মানতে হবে নির্দেশনা

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর মেট্রোরেল চলাচলে আনা হয়েছে নতুন সময়সূচি। প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই বিশেষ সময়সূচি কার্যকর থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, রমজানে সরকারি অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলাচল করবে নতুন সূচিতে। তবে শুক্রবার, শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে পূর্বের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
ডিএমটিসিএল জানিয়েছে, রমজান মাসে ইফতারের সময় যাত্রীদের সুবিধার জন্য মেট্রোরেল ও স্টেশন এলাকায় প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যবহৃত বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে।
এছাড়া প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা মেট্রোরেলের ভেতরে কোনো অবস্থাতেই অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
রমজানে যাত্রীদের সুবিধা ও শৃঙ্খলা বজায় রাখতে এসব নির্দেশনা মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













