ওয়ারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৬, ১৪:২৩
অ- অ+

রাজধানীর ওয়ারী থানাধীন স্বামীবাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে গুলি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক পরিদর্শককে আহত করার ঘটনায় চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস, ওমর ফারুক সায়েম এবং সোলায়মান হোসেন চৌধুরী। অভিযানে ১টি ৯এমএম পিস্তল, ১টি .৩২ বোর রিভলবার, ১টি ৭.৬৫ পিস্তল, ২৩ রাউন্ড গুলি, ৫ রাউন্ড গুলির খোসা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২ মার্চ বেলা ১২টা ৫ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়ারী থানাধীন স্বামীবাগের সায়েদাবাদ রেলগেট এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে অজ্ঞাতনামা ৩-৪ জন দুষ্কৃতকারী অতর্কিতভাবে হামলা চালিয়ে অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার পায়ে বিদ্ধ হলে তিনি আহত হন এবং দুষ্কৃতকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ওয়ারী বিভাগের ডিসি বলেন, এই ঘটনার সংবাদ পেয়ে ওয়ারী থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতকারীদের সম্ভাব্য পলায়নপথে ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা একটি আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায়। সেখান থেকে ৪ রাউন্ড গুলিভর্তি একটি .৩২ বোর রিভলবার এবং ঘটনায় ব্যবহৃত ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয় ১টি ৯এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি।

পুলিশ জানায়, একই সূত্র ধরে পৃথক অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ১টি ৭.৬৫ পিস্তল ও ৩ রাউন্ড গুলি। উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে ওয়ারী থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে এবং আরও একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

(ঢাকাটাইমস/৪ মার্চ/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
ডিবি মিরপুর বিভাগের ডিসি হলেন রাঁকিব খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা