পরিবারের দ্বন্দ্বের নাটক ‘কিচেন পলিটিক্স’, ফিরলেন অনিকেত

দীর্ঘ ১৬ বছর বিরতির পর আবারও নাট্যাঙ্গনে ফিরলেন এক সময়ের জনপ্রিয় নাট্যকার অনিকেত। তার নতুন ধারাবাহিক নাটক ‘কিচেন পলিটিক্স’ আগামী ৪ এপ্রিল থেকে বৈশাখী টেলিভিশনে প্রচার শুরু হচ্ছে।
বৈশাখী টিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত নাটকটি পরিচালনা করেছেন সাঈদ রিংকু। প্রতি সপ্তাহে শনি, রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটি।
নাটকের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এছাড়া ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মানের ব্যবস্থাপনায় নির্মিত হয়েছে নাটকটি।
ধারাবাহিকটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন দিলারা জামান, মাসুম বাসার, মিলি বাসার, নাবিলা ইসলাম, জয়রাজ, একে আজাদ সেতু, পূর্ণিমা বৃষ্টি, দোলন দে, তানহা ইয়াসমিন, সাদিয়া তানজিম, শিবলী নোমান, ঈষিকা সাকিন, মীর নওফেল আশরাফী জিসান, মিলু চৌধুরী, মোস্তফা রতন, নাসরিন অনু, শাহজাদা সম্রাটসহ আরও অনেকে।
নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে একটি একান্নবর্তী পরিবারকে ঘিরে। সামাজিক ব্যঙ্গধর্মী (স্যাটায়ার) গল্পে পারিবারিক সম্পর্ক, দ্বন্দ্ব, মান-অভিমান এবং ‘কিচেন পলিটিক্স’-এর নানা দিক তুলে ধরা হয়েছে। পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক, ভুল বোঝাবুঝি ও ষড়যন্ত্রকে কেন্দ্র করে এগিয়ে যাবে নাটকের গল্প, যেখানে থাকবে টানটান উত্তেজনা ও হাস্যরস।
নাট্যকার অনিকেত জানান, প্রতিটি পর্বেই নতুন টুইস্ট ও চমক থাকবে, যা দর্শকদের আগ্রহ ধরে রাখবে। তিনি আশা প্রকাশ করেন, নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলবে।
উল্লেখ্য, অনিকেত ২০০১ সালে দেশে ফিরে নাটক লেখা শুরু করেন এবং ‘মন কি যে চায়’ নাটকের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। এরপর তিনি একাধিক জনপ্রিয় একক নাটক ও ধারাবাহিক রচনা করেন। ২০১০ সালে ব্যক্তিগত কারণে নাটক থেকে দূরে সরে গেলেও দীর্ঘ বিরতির পর স্ত্রীর অনুপ্রেরণায় আবারও সৃজনশীল লেখালেখিতে ফিরলেন এই নাট্যকার।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













