দিনাজপুরে জমি ও ফসলের ভাগ নিয়ে বিরোধে বাবা ও সৎভাই খুন

দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জের এবং ফসলের ভাগ নিয়ে বিরোধে বাবা ও সৎভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ছয়টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় এ জোড়া খুনের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে কাবিল ইসলাম (৩২)।
এই ঘটনার পর থেকে শহিদুল ইসলামের অপর দুই ছেলে সাকিব (১৮) ও সাদিকুল (৩০) সাকিব ও সাদিকুল।
চিররবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী এসব তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলামের জমি নিয়ে দুই স্ত্রীর ছেলেদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ধান কাটার পর দুই পরিবারকে সমানভাবে বণ্টন করে দিয়েছিলেন তিনি। তবে কয়েক দিন ধরে জমিতে চাষ করা ভুট্টার সমান ভাগ চাচ্ছিলেন দ্বিতীয় স্ত্রীর ছেলে সাকিব ও সাদিকুল।
আজ মঙ্গলবার (১২ মে) ভোরে ভুট্টাক্ষেতের বিষয়টি নিয়ে বাবা ও সৎভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় সাকিব ও সাদিকুলের। পরে তারা লোহার রড দিয়ে বাবা শহিদুল ও ভাই কাবিলকে আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে বাবা শহিদুল ইসলাম মারা যান।
স্থানীয়রা আহত কাবিলকে উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, ঘটনার পর থেকে সাকিব ও সাদিকুল পলাতক। হত্যাকাণ্ডে ব্যবহৃত রড উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রতিবেশী ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
(ঢাকাটাইমস/১২মে/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































